কুমিল্লা: কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের একটি বাস্তব সুযোগ পেয়েছে। জনগণের ভোটে নতুন সরকার গঠনের পর এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা-অন্যায় ও দুর্নীতিমুক্ত একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ।
কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিন উর রশিদ এসব কথা বলেন।
মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব দেখতে চায়। কারণ দেশের প্রায় ১৮ কোটি মানুষের প্রত্যাশা-রাষ্ট্র পরিচালনায় সৎ ও দক্ষ নেতৃত্বের প্রতিষ্ঠা হোক।
নেতার গুণাবলি সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সততা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো অঞ্চল বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজ জেলা প্রসঙ্গে তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই কুমিল্লার অবস্থান। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে দক্ষ প্রশাসন এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।
নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, টিপুর মতো সৎ, মেধাবী ও মানবিক একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি এ জেলার মানুষের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লায় এমন মানবিক ও যোগ্য নেতৃত্ব আরও তৈরি হবে।
মহামারি করোনাভাইরাসের সময় ইউসুফ মোল্লা টিপু ও তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’-এর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে আমিন উর রশিদ বলেন, সেই কঠিন সময়ে অনেকেই যখন মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল, তখন টিপু ও তার সংগঠন ‘বিবেক’ এর সদস্যরা জীবন ঝুঁকি নিয়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা জানাজা, দাফন, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে উপস্থিত ছিলেন।