নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানচাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র। সে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে তার ভাইয়ের সঙ্গে বের হন। যাত্রা পথে দুপুরের দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার পর পরেই স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে। খবর পেয়ে কাভার্ড ভ্যান জব্দ করে চালকসহ থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।