রংপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রংপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন।
সোমবার (১৬ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা তথ্য অফিস থেকে জানানো হয়েছে, ঈদের এই প্রধান জামাতকে ঘিরে জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে প্রধান জামাত স্থানান্তরিত হয়ে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতের সময়ের সঙ্গে সঙ্গতি রেখে জেলার সকল উপজেলার ঈদগাহ ও মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উদযাপনকে আরও সুন্দর ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার এবং এতিমখানাগুলো উন্নতমানের খাবার পরিবেশন ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা। ঈদগাহ মাঠের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আলোকসজ্জা ও শব্দ ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় পানি, ওজু ও নামাজের ব্যবস্থা। আবহাওয়া খারাপ হলে বিকল্প ব্যবস্থা হিসেবে মডেল মসজিদে দুই ধাপে জামাতের প্রস্তুতি।
প্রতি বছরের মতো এবারও রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠকে প্রধান কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। বিগত বছরগুলোতে এখানে প্রায় ২০ হাজারেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ এতে যোগ দেন।
ঈদের জামাতের পর বিশেষ খুতবায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। জেলা প্রশাসন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে।