রংপুর: রংপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নই হবে আমার মূল উদ্দেশ্য।
তিনি জেলা পরিষদের সকল সেবাকে নাগরিকবান্ধব করতে, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ ঘোষণা দেন। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং মাসিক সভায় অংশ নেন।
সাইফুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদের প্রতিটি সেবাকে নাগরিকবান্ধব করা হবে। পরিষদ ও নাগরিকদের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করতে সব ধরনের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতীতের সব কাজে অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে তাও তদন্ত করা হবে। সকল বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ড সুষমভাবে বাস্তবায়ন করা হবে।’
এর আগে, রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর আওতায় চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের লক্ষ্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা।
সাইফুল ইসলাম দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। ১৯৮৬ সালে কারমাইকেল কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক। তিনি বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আওয়ামী লীগ আমলে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক আইনসহ ২১টি মামলার মুখোমুখি হয়েছেন।
এই নিয়োগের পর রংপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক সাড়া পড়েছে। নাগরিকরা আশা করছেন, দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে দ্রুত উন্নয়ন হবে।