সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে এক মাংস ব্যবসায়ীর দোকানে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংসের দোকানটি সিলগালা করে দেয়।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ব্যবসায়ী উপজেলার হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন গরুর মাংসের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন মাওলানা এমাদ উদ্দিন গরু জবাই করে থাকেন। কিন্তু হরিপুর বাজারের মাংস ব্যবসায়ী শামসুল মিয়া (৫০) তার দোকানে মাংস বিক্রি শুরু করেন। এতে এমাদ উদ্দিনের সন্দেহের সৃষ্টি হয়। তিনি দ্রুত মাংসের দোকানে উপস্থিত হলে দেখতে পান মরা গরুর মাংস বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বাজার কমিটিকে অবহিত করলে দ্রুত খবর ছড়িয়ে পড়ে এবং বাজারে শত শত মানুষ জড়ো হতে থাকে। এ সময় অবস্থা বেগতিক দেখে দোকানমালিক পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস পলি রাণী দেব ও জৈন্তাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে দোকান থেকে একটি গরুর প্রায় ৯০ কেজি মাংস, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা এবং ফ্রিজে রাখা প্রায় ৫০ হাজার টাকার মাংস জব্দ করা হয়।
এসময় দোকানে থাকা আরেকটি জীবিত গরু ৭৩ হাজার টাকায় জনৈক আব্দুল হান্নানের কাছে নিলামে বিক্রি করা হয়। জব্দকরা মাংস ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের জিম্মায় প্রদান করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, হরিপুর বাজারের একটি মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় জনতা মাংসের দোকান ঘিরে রাখলে মাংস ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধার করা মরা গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। দোকানটি সিলগালা করা হয়েছে এবং একটি জীবিত গরু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।