Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ০৮:৩৬

ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি।

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে আঘাত হানা মৌসুমের প্রথম এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে উপজেলার বিচ্ছিন্ন ঢালচর, চর কুকরিমুকরি, চর মানিকা ও নজরুল নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঝড়টি আঘাত হানে। শুরুতে হালকা বাতাস থাকলেও কিছুক্ষণের মধ্যে তা তীব্র রূপ নেয়। ঝড়ের সঙ্গে গুড়ি গুড়ি শিলাবৃষ্টিও হয়। এতে অনেক ঘরের টিনের চালা উড়ে যায় এবং কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে। অনেক পরিবার রাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢালচর, কুকরিমুকরি, চর পাতিলা, চর নিজাম, চর ফারুকি, চর মানিকা ও নজরুল নগরসহ কয়েকটি এলাকায় অন্তত অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঢালচর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

ঢালচর ইউনিয়নের বাসিন্দা মফিজ বলেন, গভীর রাতে হঠাৎ তীব্র বাতাসে তার ঘরের চালা উড়ে যায়। ঈদের আগে ঘরবাড়ি হারিয়ে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে জানান।

চর মানিকা ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের বাসিন্দা সেলিম হাওলাদার জানান, ঝড়ে তার বাজারের একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বন কর্মকর্তা মইনুল হোসেন বলেন, শুধু ঢালচর ইউনিয়নেই প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর