Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১২:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৩:১২

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিচ্ছেন পরিচ্ছন্নকর্মী।

রাজশাহী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নকর্মীদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মোট ১২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীকে এই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। এবার প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীরা প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার পেলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক। এছাড়া তিনি জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহীর শহিদ আলী রায়হান ও অন্যান্য শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতঃপূর্বে কোনোদিন এভাবে পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি রাজশাহী সিটি কর্পোরেশনের খালি হাতে আসিনি। তার উপহার নিয়েই এসেছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আশা করে আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত করতে হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ।’

মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সিটি করপোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দেব। রাজশাহী মহানগরবাসী যা চায়, আমরা তা করবো। নগরীর যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সমাপ্ত করবো। আগামীতে রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, সুখী, আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ও উচ্ছ্বসিত রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। পরিচ্ছন্ন কর্মী রাজিবুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন রাজশাহী সিটি করপোরেশনে চাকরি করছি। চাকুরি জীবনে কোনোদিন এভাবে অনুদান পাইনি। অনুদান পেয়ে আমরা অনেক খুশি।

পরিচ্ছন্নকর্মী মরিয়ম ও সুমাইয়া বলেন, ঈদে অনেক খরচ। কীভাবে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে ঈদ করবো, এই নিয়ে চিন্তায় ছিলাম। তারপর যখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেলাম তখন চিন্তামুক্ত হলো। এবার ভালোভাবে ঈদ করতে পারবো।

পরিচ্ছন্নকর্মী হারুনুর রশীদ বলেন, ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। এই অনুদান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে আমাদের আরো উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর