রংপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বিশেষ ঈদ উপহারের টাকা রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। নগরীর মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
প্রশাসক বলেন, ‘নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষ্যে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে তাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে।’
এই উপহার দেশের ১২টি সিটি কর্পোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্রণোদনা। গত রোববার (১৫ মার্চ) সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামসহ অন্যান্য সিটির প্রশাসক ও মেয়রদের হাতে এ সংক্রান্ত চেক তুলে দেন। উদ্দেশ্য—শহর পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত শ্রমজীবীদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি দেওয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর মহানগর সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিচ্ছন্নতাকর্মীরা এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তাঁদের কাজের প্রতি সম্মান দেখিয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন গত ১৪ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এই ঈদ উপহার বিতরণ তাঁর দায়িত্ব পালনের প্রথম সপ্তাহেই নাগরিকবান্ধব উদ্যোগ হিসেবে সাড়া ফেলেছে।
নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। ঈদুল ফিতরের আগে এমন সহায়তা তাঁদের জন্য বিশেষ প্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।