বাগেরহাট: মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মোংলার ডাকবাংলোতে নৌবাহিনী ও জেলা প্রশাসন প্রদত্ত এ সহায়তার টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকজন বাবদ তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে দেওয়া হয়েছে মোট ২ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে জেলা প্রশাসন থেকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জনের পরিবারকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবং বৃহস্পতিবার (১৯ মার্চ) খুলনার কয়রার ৪ জনের পরিবারকে নগদ সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংঘটিত এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলো মোংলার বিএনপি নেতা আ. রাজ্জাকের পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূসহ তাদের পরিবারের ৪ জন এবং মাইক্রোবাস চালক ছিলেন।