ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া জের ধরে স্বামী স্বপন তালুকদার (৩৭) আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঈদের কেনাকাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপন।
মৃত স্বপন তালকদার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মুন্সিকান্দা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী স্বপন তালুকদারের সঙ্গে তার স্ত্রী হেপি আক্তারের ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে নিজের বসতঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ গলায় ফাঁস দেন। রুম বন্ধ দেখে স্ত্রীর সন্দেহ হলে স্বামীকে ডাকতে থাকে। পরে রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। এ ঘটনার তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।