কক্সবাজার: কক্সবাজারের রামুতে একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে ইটভাটা মালিক বি কে আজমকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রামু এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের এশিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
রামু থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রচারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।’
তিনি জানান, অভিযুক্তের লাইসেন্স করা শটগানটি এরই মধ্যে জব্দ করা হয়েছে।
পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু বলেন, ‘বিকে আজম ব্রিক ফিল্ড’ এর মালিক বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী রেশনিং ব্যবস্থার বাইরে তেল দিতে অস্বীকৃতি জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নিজের গাড়ি থেকে শটগান বের করে পাম্পের কর্মচারীদের দিকে তেড়ে যান এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি পাম্পের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রস্তুতি নিলে তার ছেলে দৌড়ে গিয়ে তাকে থামান।
ঘটনার সময় পাম্পে কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে অভিযুক্ত বি কে আজম দাবি করেন, তিনি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করেছিলেন। গুলি করার কোনো ইচ্ছা তার ছিল না।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, ঘটনার পর পাম্প কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। অভিযুক্তের এমন আচরণ জনবিরোধী ও আইনবহির্ভূত উল্লেখ করে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।