ময়মনসিংহ: সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁওয়ের রসুলপুরের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মূহুর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মামুন মিয়া গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা
মামুনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।