কুমিল্লা: বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়লেও বাংলাদেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
তিনি জানিয়েছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং অন্তত আগামী জুন-জুলাই মাস পর্যন্ত এই মজুদ পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বিশ্বের অনেক দেশ খাদ্য সংকটের মুখোমুখি হলেও বাংলাদেশ সে ধরনের কোনো ঝুঁকিতে নেই। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও উল্লেখ করেন, দেশের কৃষি উৎপাদন ক্রমেই বাড়ছে এবং সাম্প্রতিক বৃষ্টিপাত কৃষির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে বলেও জানান মন্ত্রী।
বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গুণগত মান যাচাই-বাছাই ছাড়া কোনো চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।