কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাতে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ ইমন হাওলাদার (১৮)। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গজারিয়া বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম চুন্নু হাওলাদার।
পুলিশ জানায়, গত সোমবার (১৬ মার্চ) রাতে ইনানী সমুদ্রসৈকত এলাকা থেকে ইমন হাওলাদারকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই রাতেই তাঁর পরিবারের সদস্যরা উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার (১৮ মার্চ) রাতে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইমন হাওলাদার ইনানী সমুদ্রসৈকত এলাকায় প্লাম্বারের কাজ করতেন। উদ্ধারের পর তাকে তার ভাই তৌকির হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মুজিবুর রহমান।