Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ সামনে রেখে চট্টগ্রামে পুলিশের বাড়তি নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২০:৪৯

চট্টগ্রাম: ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। জেলা পুলিশের তৎপরতায় স্বাভাবিক রয়েছে যানচলাচল। এই পরিস্থিতি ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও পুলিশি কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মহাসড়কের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

পরিদর্শনকালে তিনি পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় অবস্থান করে ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, এবারের ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিক অবস্থা বজায় রাখতে জেলা পুলিশের প্রায় ১৫০০ সদস্য মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে।

মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, তদারকির জন্য আমরা লং রেঞ্জের ড্রোন ব্যবহার করছি। এর মাধ্যমে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলের অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। নির্বাচনকালীন সময়ে যেসব বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, সেগুলো এবার মাঠপর্যায়ে ব্যবহার করা হচ্ছে বলেও জানান এ পুলিশ সুপার।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি, যাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।’

পরিদর্শনকালে সংশ্লিষ্ট এলাকার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর