পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর বলেশ্বর নদীর উপর নির্মিত সেতু এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) বিকালে সেতুর উপরে দুই গ্রুপের মধ্যে পূর্ববিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির ঘটনায় তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কারিমুল নামের এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে কামরুল ইসলামের ঘাড়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেফতার কারিমুল উপজেলার টগড়া গ্রামের আব্দুছ ছালাম হাওলাদারের ছেলে। অপরদিকে আহত কামরুল ইসলাম পার্শ্ববর্তী উমেদপুর গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, তারা উভয়েই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় শনিবার রাতে আহতের মা মাকসুদা বেগম বাদী হয়ে জিয়ানগর থানায় একটি মামলা দায়ের করেন।
জিয়ানগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কারিমুলকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।