Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৬ ২২:২৬

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) এবং লিটন শেখের ছেলে জনি (২১)। তারা সবাই রাশু মেম্বার গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বিকেলে একটি চায়ের দোকানে বসে কোমল পানীয় পান করা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে গোলাগুলির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর