কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের ছুটি উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২২ মার্চ) নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল র্যাবের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁয় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের টহল দলটি সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা মোশারফ আলীর ছেলে।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও দুটি তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের উদ্দেশ্যে এনেছিলেন বলে জানান। তিনি কক্সবাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যাবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র আরও জানায়, গ্রেফতার আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।