পিরোজপুর: পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিন থেকে চারজন আহত হন।
রোববার (২২ মার্চ) রাতে শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে ২০২৪ ও ২০২৬ ব্যাচের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে এই সংঘর্ষ মাঠের বাইরে ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, ২০২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শাওন নামে একজনসহ উভয় পক্ষের অন্তত তিন থেকে চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরবর্তীতে পুলিশ ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানা গেছে।
তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।