গাইবান্ধা: গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কবর উপর উঠে বেষ্টনী ভেঙে ফেলছে এক যুবক। পরবর্তীতে জানা যায় কবরে তান্ডব চালানো যুবকটি তার বাবার কবরে উঠে এমন ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বন্টন করে দেন। মূলত দ্বিতীয় ইকবাল মিয়াকে জায়গা বেশি দেওয়ার কথা তুলে সব থেকে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে তার বাবার কবরের উপর উঠে ঘিরে দেওয়া যায়গা ভাঙচুর করে। দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায় কবরস্থানটি ছিল। পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু (ছোট) জায়গা কম দেওয়া কথা তুলে এই জায়গাটি তার নিজের বলে দাবি করে এই কান্ড করে।
স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে ছোট ছেলে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ছেলের শাস্তি দাবি করছি।
তবে এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলফোনেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে তার চার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনালের তারি গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা।