চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশী ,পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই আদেশে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।
সিএমপি সদর দফতরের ওই আদেশ অনুযায়ী, পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া লাইনওয়্যারের পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার বিদায়ী ওসি মো. জাহেদুল কবিরকে চট্টগ্রাম পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছে।
একই আদেশে লাইনওয়্যারের পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন জিয়াকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে এবং পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবির দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে। পাশাপাশি, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে সিটি গেইটের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) পদে বদলি করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ আদেশে উল্লেখ করেছেন, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।