কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৫ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি স্টারলাইন পরিবহনের বাস একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ৩ জন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ২ যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা না গেলেও তারা নোয়াখালীর চৌমুহনী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।