চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে ‘তেল নেই’ লেখা পাম্পে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার জ্বালানি তেল পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ করে দেওয়ার অভিযোগে পাম্পটিকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পেট্রলপাম্পে যান এবং তেলের মজুদ যাচাই করেন। এ সময় দেখা যায় সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে।
তিনি আরও বলেন, মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় না করার অপরাধে ওই পেট্রলপাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।