কক্সবাজার: কক্সবাজারের রামুতে একটি সিএনজি অটোরিকশার চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির চালক আব্দুর রহমানকে (৩২) জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অটোরিকশাটির চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আব্দুর রহমান টেকনাফ উপজেলার ঝিমংখালী মিনা বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।