Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৯৫ লিটার পেট্রোল জব্দ করে ফিলিং স্টেশনে নিয়ে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২২:৫৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২৩:৩৩

৩৯৫ লিটার পেট্রোল জব্দ করে ফিলিং স্টেশনে নিয়ে বিক্রি করলেন ইউএনও। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার তাড়াশে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করে পরে তা ফিলিং স্টেশনে নিয়ে বিক্রি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

এ সময় ব্যবসায়ী শাহ আলম মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানাও করেন তিনি। এর পর জব্দকৃত পেট্রোল বিক্রির জন্য খালকুলা সমবায় ফিলিং স্টেশন ও মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে নিয়ে জনপ্রতি এক লিটার করে বিক্রি করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ও বলতে শোনা যায়, বিনসাড়া বাজারে জব্দকৃত এক ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে বিক্রি করা হয়েছে। আরেক ড্রাম ইউএনও স্যার নিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে খালকুলা সমবায় ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘দুই ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। জনপ্রতি এক লিটার করে এক ড্রাম বিক্রি করেন। আরেক ড্রাম মান্নাননগর মটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে নিয়ে যান।’

বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের মালিক শাহ আলম মোল্লা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন ইউএনও। অথচ আমাকে শুধু জরিমানা আদায়ের রশিদ দেওয়া হয়েছে। জব্দ করা পেট্রোলের কোনো কাগজ দেওয়া হয়নি। রাত ১১ দিকে তেলের খালি ড্রাম ফেরত দিয়ে গেছেন।’

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত দুই ড্রাম তেল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে এক লিটার করে জনপ্রতি বিক্রি করে যে টাকা হয়েছে সেটা সরকারিভাবে জমা দেওয়া হয়েছে।’

জব্দকৃত পেট্রোল কত টাকায় বিক্রি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন টাকার পরিমাণটা বলতে পারছি না। আগামীকাল বলতে পারব।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর