চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।
তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি আবার চালু হয়েছে।
এদিকে ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম।