নড়াইল: নড়াইল সদর উপজেলায় ডিজেল দিতে অপরাগতা জানানোয় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় চালক সুজাত মোল্যা ওই ফিলিং স্টেশনে ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। তবে পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুদ না থাকায় নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান। এ নিয়ে চালক ও ম্যানেজারের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে নাহিদকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরপর রাত ২টার দিকে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারা তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ওই ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। এতে পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।