Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:০১ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:০৬

মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করে বলেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর