দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী অপর একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সহকারীর নাম আপন চন্দ্র দাস (২৬) এবং আহত চালক তার দুলাভাই বিকাশ চন্দ্র দাস (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়া অভিমুখে যাওয়া একটি গ্যাস সিলিন্ডারবাহী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিলিন্ডারবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী আপন চন্দ্র দাস কেবিনের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন কেটে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আপন চন্দ্র দাস নীলফামারী জেলার ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তার দুলাভাই বিকাশ চন্দ্র দাসের ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।