Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণ কাজে বাধা

লোকাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২০:৫৮

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে।

রোববার (২৯ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, মাছুম ৬ দশমিক ৩৫ শতাংশ জমি কিনে ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণ কাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার পাইপ, দা ও লাঠিশোঠা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলে তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। তা না হলে তোকে প্রাণে মেরে ফেলব।

বিজ্ঞাপন

এ সময় তাদের আক্রমণের মুখে মাছুম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেন তাকে ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মাছুম বাদী হয়ে ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ভূক্তভোগী মাছুম বলেন, বসত বাড়িতে একটি ভবন নির্মাণ কাজ করছি। শ্রমিকরা বাড়ির কলমের কাজ শুরু করলে সাইফুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছে সাইফুল ও তার ভাই সুজয়ের উল্লাহ। সেসব মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছেন। সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর