Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বসত বাড়িতে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৪:৪৭

আগুনে পুড়ে যাওয়া ঘর এবং নিহত তামিম।

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে বসত বাড়ির অগ্নিকাণ্ডে দুটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে মারা গেছে।

রোববার (৩০ মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে। পরিবারের দাবি প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানায়, রোববার রাতে হঠাৎ করে রাফিকের বসত ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। তারা দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানের জন্য অন্য বাড়িতে ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেয়।দমকল বাহিনীর দুটি ইউনিট সোয়া ১১ টা থেকে দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত তামিমের মা হামিদা বেগম জানান, তার ননদের ছেলের সুন্নতি খাৎনা অনুষ্ঠানের জন্য সবাই আগের দিন মহিলা রোড গ্রামে বেড়াতে যায়। রাতে তামিম বাড়িতে চলে আসে এবং চাচার ঘর থেকে খাবার খেয়ে একাই ঘরে শুয়ে পড়ে। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা ও রাজনৈতিক দ্বন্দে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ করেন তিনি।

নিহত তামিমের চাচা শওকত মিয়া বলেন, কয়েকদিন আগেও প্রতিবেশীরা আমাদের হত্যার হুমকি দিয়েছে এবং এ ঘটনায় থানায় জিডিও করেছি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তিনি আরও বলেন, আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি ফ্রিজ নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আজমির হোসেন বলেন, নিহত তামিমের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত করার প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর