রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। ২২০ টাকায় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।
জানা যায়, দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে অনেক অর্থের অপচয় হতো, ফলে অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারতেন না। এখন থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে নিয়মিত রোগীরা এই সেবা পাবেন। এতে বিশেষভাবে উপকার পাবেন হবেন গর্ভবতী নারী ও অন্যান্য রোগীরা, যারা নিয়মিত আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান।

স্ত্রীকে আল্ট্রাসনোগ্রাম করাতে নিয়ে আসা সেবাগ্রহীতা শুশান্ত বলেন, আমরা এতদিন বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতাম। এখন সরকারি হাসপাতালে অল্প খরচে এই সেবা পাওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমবে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আল্ট্রাসনোগ্রাম রোগীর গুরুত্বপূর্ণ পরীক্ষা। পেটের যেকোন সমস্যা এবং গর্ভবতী নারীর আল্ট্রাসনোগ্রাম করতে হয়। আমাদের দুইটি আলট্রাসনোগ্রাম মেশিন ছিল। অনেকদিন ডাক্তার না থাকার কারণে এবং না চালানোর জন্য নষ্ট হয়ে থাকে। বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারে দেখানোর পরও সেটি ঠিক করা যায়নি। পরে আমি নিজ উদ্যোগে একটি আলট্রাসনোগ্রাম মেশিন কিনেছি। কেনার পর ইন্সটল করেছি, এখন নিয়মিত আমাদের ডাক্তার আলট্রাসনোগ্রাম করে যাচ্ছে। আমরা বিপুল পরিমাণেও সাড়া পাচ্ছি। বাইরে থেকে এক আলট্রাসনোগ্রাম করতে ৬০০ থেকে ৭০০ টাকা লাগে, সেখানে আমরা পুরো পেট করলে ২২০ টাকায় করছি।