কক্সবাজার: কক্সবাজার শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. ছমি উদ্দিন জানান, দু’জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কামরুল (১৯) ও কামাল (৩২)। কামরুল শহরের বিকাশ বিল্ডিং এলাকার একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন। অপর নিহত ব্যক্তি কামাল বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গ্যারেজের ওই কর্মী মোটরসাইকেল মেরামতের পর সেটি সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কামালকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।