নেত্রকোনা: নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ এলাকায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভ্রাট জনিত ভোগান্তি দূর করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি শনিবার (৪ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গিয়ে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের ১ লাখ টাকা অনুদান দেন। বিষয়টি নিয়ে এলাকায় সচেতন মহলে ইতিবাচক আলোচনা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কাউকে কোনো খবর না দিয়ে স্কুলটি পরিদর্শন করতে যান। এ প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে ছিল।
স্থানীয় সাংসদের উপস্থিতির খবর পেয়ে স্কুলের ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা উপযুক্ত সময় মনে করে বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য একটি আইপিএসের দাবি জানান। তাদের কথাশুনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যালয়ে গরমে সুষ্ঠু পাঠদানের পরিবেশ বজায় রাখার জন্য নিজের এক মাসের বেতনের ১ লাখ টাকা দেন।
ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
এবিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি সরেজমিনে শিক্ষার্থীদের গরমে কী অবস্থা হয় তা দেখেছি। আমি তখন খুশি হয়ে বিদ্যুতের আইপিএসের জন্য আমার এক মাসের বেতনের এক লাখ টাকা তুলে দিয়েছি। এটি আমার দায়িত্ব বোধ থেকেই করেছি।