Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৩:৪৫

গ্রেফতার হওয়া মাদক কারবারিরা

নোয়াখালী: নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও র‍্যাব-১১।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার এলাকার নোয়াখালীর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বায়তুল আমান জামে মসজিদের সামনে ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পূর্ব বাজারের নোয়াখালীর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্বে নুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা এলাকার ধোয়া বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো. হারুন (৩৫), দিলসাতপুর এলাকার নতুনবাড়ির মৃত মো.রুহুল আমিনের ছেলে মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং ছিলাদি এলাকার সুলতান মুন্সিবাড়ির মোহাম্মদ দুলালের ছেলে মো. বাবুল হোসেন (২২)।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের তপাদার বাজার এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয় ডিএনসি ও যৌথ বাহিনী। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে আসলে হারুন ও সুমনকে তিন হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা আগে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় সরবরাহ করতেন। বাবুল হোসেন অটোরিকশা চালকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় খুচরা মাদক বিক্রি করতেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করার কার্যক্রম চলছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর