Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিএনপি অফিসে আগুন, দাফতরিক কাগজপত্র পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৫:৫১

বিএনপি অফিসে আগুন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’

পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, ‘দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাতে আগুন লাগার খবর পাওয়া গেছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর