চট্টগ্রাম: জেলার ফটিকছড়ি হারুয়ালছড়িতে কৃষি জমি থেকে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তের জমে থাকা পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের করিম বাপের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- একই এলাকার হাবিবের মেয়ে সাকি মনি (৭) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই কৃষি জমি থেকে মেশিন দিয়ে ইটভাটার জন্য গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তে পানি জমে গভীর ডোবার সৃষ্টি হয়। সকালে বাড়ির পাশে খেলার এক পর্যায়ে শিশু দুটি অসাবধানতাবশত ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে কৃষি জমি থেকে গভীর গর্ত করে মাটি কাটার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মাটি কাটার পর গর্তগুলো ভরাট না করায় বা চলাচলের পথে নিরাপত্তা নিশ্চিত না করায় এ ধরনের প্রাণহানি বাড়ছে।
স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। কৃষি জমি থেকে অবৈধভাবে বা নিয়মবহির্ভূতভাবে গভীর গর্ত করে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যারা এভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটছে এবং জননিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আমরা অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করব এবং স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি।’