Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২১:১৬

কক্সবাজার: কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যান।

রোববার (৫ এপ্রিল) সংবাদ মাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, শনিবার (৪ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে আসা ইয়াবার একটি বড় চালান সমিতিপাড়ার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে র‍্যাব সদস্যরা বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে বাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০০টি ছোট নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে থাকা মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।

র‍্যাব সূত্রে জানা গেছে, পলাতক নবাব মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছিলেন। তার বাবার নাম মৃত বাহাদুর মিয়া এবং মায়ের নাম আম্বিয়া খাতুন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর