ভোলা: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. আরিফ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
আটককৃত আরিফ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার মো. নসু হাওলাদারের ছেলে। সে হাসপাতাল সংলগ্ন ‘এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে’ কর্মরত বলে জানা গেছে।
ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
ভুক্তভোগী নারী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি মারামারির ঘটনায় আহত হয়ে গত ২-৩ দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি পানি আনতে নিচে নামলে অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী হাসপাতালের স্টাফদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অভিযুক্ত আরিফকে আটকে রেখে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই স্টাফরা অভিযুক্তকে আটকে আমাকে জানায়। আমি দ্রুত পুলিশকে খবর দিয়ে তাকে তাদের হাতে সোপর্দ করি।’
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’