চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
ওই ফিলিং স্টেশনে এ কার্যক্রম উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং এবং ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, ‘এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না। প্রতিটি মোটরবাইকের নম্বর প্লেট ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল দেওয়া হবে। একবার তেল সংগ্রহ করলে পরবর্তী পাঁচদিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে।’
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান। সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম। পরে তিনি উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
তিনি আরও জানান, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না।
এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে।
প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।