কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশা) সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাঁকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, টেকনাফগামী পালকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংগামী একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক যাত্রী নিহত হয়। আহত হন টমটমের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিক সাত্তার আজাদ জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাত্তার আজাদ দাবি করেন, কক্সবাজার-টেকনাফ সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেন।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।