Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৬:১৮

ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন।

টাঙ্গাইল: সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতিতে ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত এক কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. শাহ আলম তালুকদার, জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ. কে. এম. আব্দুল আওয়ালসহে অনেকেই।

বিজ্ঞাপন

এ ছাড়া, অনুষ্ঠানে পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটতো। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত এক কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে।’

পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর