Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থান থেকে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৮:৪৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ ও লালবাগে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন— হাজারীবাগের লামিয়া আক্তার (১৯) এবং লালবাগের আইয়ুব আলী (৩৭)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তারা উভয়ই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাজারীবাগের সোনাগড় এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন লামিয়া আক্তার।

মৃত লামিয়া আক্তারের স্বামী মো. আজমান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রাতেও ঝগড়ার এক পর্যায়ে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লামিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার নয়াপাড়া গ্রামে। তিনি পেশায় একজন পার্লার কর্মী ছিলেন।

এদিকে লালবাগের আতশ খান রোড এলাকার একটি মেস থেকে আইয়ুব আলী (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইয়ুব আলী ইডেন মহিলা কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা জানান, বুধবার রাত ৮টার দিকে আইয়ুব আলীর রুমমেটরা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আইয়ুব আলীর বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার সুজাবাদ গ্রামে।

পুলিশ জানিয়েছে, আইয়ুব আলীর আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উভয় ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর