কক্সবাজার: জেলার উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আব্দুল আমিন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-২ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উখিয়া উপজেলার ক্যাম্প-২ ইস্টের ব্লক-সি/৬ এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল আমিন। তিনি ওই ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আব্দুল আমিন ব্যবসার জন্য পণ্য কিনতে ঘর থেকে বের হন। তিনি বিভিন্ন জিনিসপত্র কিনে এনে ক্যাম্পে বিক্রি করতেন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী জোবায়দা বেগম দুই সন্তানকে নিয়ে রাত নয়টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে দশটার দিকে ঘরের সামনের কক্ষে আলো জ্বলতে দেখে স্বামী ফিরে এসেছেন মনে করে তিনি সেখানে যান। ঘরে ঢুকেই দেখেন, আব্দুল আমিন গলায় মাফলার ও ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামিয়ে দ্রুত ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।