Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ১১ দিন ধরে বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৯:৫২

মানবন্ধনের সময়কার চিত্র।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে মেহের আলী (৭৫) নামে এক ব্যক্তি নিখোঁজের ১১ দিন পার হলেও কোনো সন্ধান না মেলায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। নিখোঁজ ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং এই ঘটনার নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন হিলি-জয়পুরহাট সড়কে এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। এ সময় সড়কের দুই পাশে শত-শত মানুষ অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ দিন ধরে মেহের আলী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার হদিস না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

বিজ্ঞাপন

মানববন্ধনে মেহের আলীর বড় মেয়ে স্মৃতি কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, ‘আমার বাবা ১১ দিন ধরে নিখোঁজ। আমার সৎ মা রুমা আমাদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। আমাদের দৃঢ় বিশ্বাস, সম্পত্তির লোভে সে আমার বাবাকে গুম করে রেখেছে। আমরা শুধু আমাদের বাবাকে ফিরে পেতে চাই।’

একই দাবি জানিয়ে নিখোঁজ মেহের আলীর প্রথম স্ত্রী চামেলি ও তৃতীয় স্ত্রী আনজুয়ারা বলেন, ‘সম্পত্তির বিবাদকে কেন্দ্র করেই আমাদের স্বামীকে মেজো স্ত্রী রুমা অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত আমাদের স্বামীকে উদ্ধার করা হোক।’

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন নিরীহ মানুষ প্রকাশ্য দিবালোকে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং দীর্ঘ ১১ দিনেও উদ্ধার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান।

এদিকে মানববন্ধন চলাকালীন বিকেল ৫টার দিকে সাংবাদিক জাহিদ হোসেনের মাধ্যমে হাকিমপুর থানা প্রশাসনের পক্ষ থেকে একটি আশ্বস্ত বার্তা পৌঁছানো হয়।

পুলিশ জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রশাসনের এই আশ্বাসের পর মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান এবং হিলি-জয়পুরহাট সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর