Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৯:৩৬

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে। শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এরপর অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দেন। তখন সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন।

বিজ্ঞাপন

স্পিকার বিলটি পাসের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো সংসদ কক্ষ দীর্ঘস্থায়ী করতালিতে মুখরিত হয়ে ওঠে। সংসদ সদস্যরা দাঁড়িয়ে এবং টেবিল চাপড়িয়ে এই পদক্ষেপকে স্বাগত জানান। মাইক ছাড়াই অনেকে এটিকে ‘বিপ্লবের আইনি স্বীকৃতি’ হিসেবে অভিহিত করেন। সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি এই অভ্যুত্থানের প্রকৃত মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১৭ জুন এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করেছিল। ইতোমধ্যে কার্যকর হওয়া সেই অধ্যাদেশটি জাতীয় সংসদে বিলটি পাসের মাধ্যমে স্থায়ী আইনে পরিণত হলো।

জুলাই স্মৃতি জাদুঘর বিল

অপরদিকে, জুলাই আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের বিষয়ে বিরোধী দলীয় সদস্যরা আপত্তি জানালেও বিধিসম্মত না হওয়ায় তা গ্রহণ করেননি স্পিকার।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

চলো আজ পার্টিতে মাতি!
১১ অক্টোবর ২০২৬ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর