ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আসামিদের বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে আমজনতা দল।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।
বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে আবরার হত্যার রায় বাস্তবায়ন করা হয়নি। পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়েও খুনিদের রায় বাস্তবায়নে হয়নি। তাই বিএনপি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং সংশ্লিষ্টদের বিচারের রায় কার্যকরের দাবি জানানো হয়েছে। জণগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কর্যক্রম শেষ করার জন্য অনুরোধ করেন বক্তারা।
আমজনতা দলের কেন্দ্রীয় সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এছাড়াও আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আবরার হত্যার রায় দ্রুত কার্যকর এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার দাবি জানায় সংগঠনটি।