ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদের মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ একটি গতিশীল জায়গায় রয়েছে, উন্নয়নের দিকে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য, ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী আবার বাংলাদেশকে উত্তপ্ত করবার পাঁয়তারা করছে। আমি প্রধানমন্ত্রীসহ তার প্রশাসন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাব, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন।’
তিনি বলেন, ‘কোনো সহিংসতা সরকারের দিক থেকে দেখা যায়নি। আমরা এই ধৈর্যের যেমন প্রশংসা করব, তেমনি সরকারকে এটিও বলতে চাই, আপনাদের এই ধৈর্যের কারণে, এই সহনশীল আচরণের কারণে আমাদের ধৈর্যের বাঁধ যেন না ভাঙে।’
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ও জটিল সময়, নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ফিরে আসার চেষ্টা করছে। সরকারকে খুব সেনসিটিভলি হ্যান্ডেল করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানাভাবে বিভিন্ন ছাত্রসংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত এই দায় দিয়ে বিভিন্ন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের ওপর আক্রমণ করছেন, সেখান থেকেও আমাদের কিন্তু সাবধান হতে হবে। আমরা সেটা করব না। এটাও গ্রহণযোগ্য না। আমাদেরকে আইনের মধ্যে মানবাধিকারের মধ্যে থাকতে হবে। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম বলেই ’২৪ এর জুলাই মাসে রাস্তায় নেমে এসেছিলাম।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সদস্য সচিব ড. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সালামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।