Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ রামিসার বাবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:০৩

রায় ঘোষণার পর কথা বলছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায় সেদিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষণা হলো। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আপনাদের জানাব।’

বিজ্ঞাপন

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, ‘রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।’

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট বেঞ্চ। প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করা হয়। এতে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।

সারাবাংলা/টিএম/পিটিএম