Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ৫ মানব পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৪:৩০

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে তালিকাভুক্ত পাঁচ মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার গঙ্গানগর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের মো. খিজির মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম, এএসসির সার্বিক দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে আটক পাঁচজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এআর